ফেসবুকে হঠাৎ ‘ধর শালারে’ বার্তা, কারণ কী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৫৪ পিএম
ফেসবুকে হঠাৎ ‘ধর শালারে’ বার্তা, কারণ কী

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন নেটিজেনরা। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এমন পোস্ট বেশি দিতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেওয়া এসব পোস্ট নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এটি মূলত একটি অনলাইন ভিত্তিক গেম। এর পোস্টারে কার্টুন আঁকা রয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে ‘ধর শালারে’। নিচে লেখা রয়েছে এবার দুর্নীতিবাজ থাকবে দৌড়ের ওপর। কিন্তু নানাজনের নানা মন্তব্যের কারণে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজাদ ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি এ বিষয়ক একটি পেজের লিংক দিয়ে বিস্তারিত জানার আহ্বান জানান। এরপরই শত শত নেতাকর্মীকে একই ধরনের পোস্ট দিতে দেখা যায়।

রাত ৮টার দিকে ‘GenZs BD’ নামের একটি পেজ থেকে জানানো হয়েছে, এটি একটি গেম কনটেস্ট। প্রতিদিন লিডারবোর্ডের সেরা তিনজন স্কোরার বিশেষ পুরস্কার পাবেন। এর মধ্যে প্রথম জন ৫১০ টাকা, দ্বিতীয় জন ৩১০ এবং তৃতীয় জন ২১০ টাকা মোবাইল রিচার্জ পাবেন।

তবে এ নিয়ে নেটিজেনদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন। তবে ছাত্রশিবিরের নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। 

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ তৎপরতা রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিতে পারে।

ইএইচ