আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী।
বুধবার বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর সড়কপথে নয়, তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটি নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর।
তিনি জানান, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভা সফল করতে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন