রাজশাহীর গোদাগাড়ীতে এক নির্বাচনী জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি একটি জাতীয় নির্বাচন। বহু রক্তের বিনিময়ে আমরা এ নির্বাচন পেয়েছি। আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা সব ন্যায়বিচার নিশ্চিত করব। কেউ বিচারের ওপর হস্তক্ষেপ করতে পারবে না। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একজন মানুষ যেন গর্ব করে বলতে পারে যে এটি উত্তম বাংলাদেশ।
আমীরে জামায়াত আরও বলেন, এমন বাংলাদেশ গড়া হবে যেখানে সব মানুষ স্বাচ্ছন্দে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতপাতের ব্যবধান ভুলে সবার বাংলাদেশ গড়তে চাই। সরকার সবার অধিকার নিশ্চিত করতে বাধ্য। জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। প্রথম ভোট গণভোটে ‘হ্যাঁ’ সূচক এবং দ্বিতীয় ভোট দাঁড়িপাল্লা প্রতীকে দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। ইনসাফের প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআনের আইনকে সামনে রেখে দেশ সাজাতে চায়। নামাজ ও যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালুর মাধ্যমে দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে সুদৃঢ় বাংলাদেশ গড়া সম্ভব।
জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ফ্যাসিবাদ ও আগ্রাসনবিরোধী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন