বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যারা অতীতে ও বর্তমানে দেশবাসীর কাছে সততা প্রমাণ করতে পারেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। অতীতে যারা দেশের ১৮ কোটি মানুষকে সম্মান করেছে, তারাই ভোট চাইবে। এ দেশের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের তৌফিক দিলে সেই টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রের তহবিলে জমা করা হবে।
শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
পটুয়াখালী-২ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে এ সভার আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, আগামী ১৩ তারিখে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে সূর্য উদয় হবে। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশ মানুষের হাতের দশ আঙুলের চেয়ে পরিচ্ছন্ন থাকবে। চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্য আমরা করি না, কাউকে করতেও দেব না। যদি কেউ অন্যায় মামলা করেন, তাকেও শাস্তির আওতায় আনা হবে। ব্যাংক ও প্রজেক্টের টাকা চুরি করতে দেওয়া হবে না।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যে এলাকা যত বেশি বঞ্চিত ও শোষিত হয়েছে, সেখান থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু-খালুর টেলিফোনে কাজ হবে না। প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির বাড়ি কোথায়, সেটি বিবেচনা করা হবে না; ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে।
সমগ্র বরিশালবাসীর উদ্দেশে তিনি বলেন, নদী ভাঙনে সর্বহারা হওয়ার হাহাকারসহ আপনাদের যত বঞ্চনা আছে, আমাদের সুযোগ দিলে সেসব অধিকারের জন্য লড়তে হবে না। ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।
সভায় শফিকুর রহমান পটুয়াখালীর চারটি আসনে জামায়াত ও শরিক দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় জেলার আট উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন