বিপুল টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৬ পিএম
বিপুল টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। 

বুধবার সকালে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। এ সময় সন্দেহভাজন হিসেবে তাঁর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও বেশ কিছু নথিপত্র পাওয়া যায়।

আটকের সময় বেলাল উদ্দিন জানান, তাঁর সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা এবং শালন্দা কলেজের শিক্ষক। উদ্ধারকৃত এই অর্থ তাঁর গার্মেন্টস ব্যবসার টাকা বলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন।

পুলিশ সুপার আরও জানান, জব্দ করা টাকাগুলো বর্তমানে মেশিনের সাহায্যে গণনা করা হচ্ছে। টাকার সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ এবং নথিপত্রগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নির্বাচনের আগে এই টাকার উৎস ও উদ্দেশ্য গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।

আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগের দিন বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর