ঢাকা-১১ আসনে ভোট দিলেন নাহিদ ইসলাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৩ এএম
ঢাকা-১১ আসনে ভোট দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি কেন্দ্রে উপস্থিত হন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাহিদ ইসলাম নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এগারো দলীয় জোটের বিজয় সুনিশ্চিত। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার এবং নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার আহ্বান জানান।

ঢাকা-১১ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডাবলু বিএনপি মনোনীত ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মধ্যে। এ ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের এই আসনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। র‍্যাব, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঢাকা-১১ আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর