তিন কেন্দ্রের ফলাফল: ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৩৮ পিএম
তিন কেন্দ্রের ফলাফল: ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক

ঢাকা-১৩ আসনের অর্থাৎ মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকার ভোটের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন রিকশা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক। তিনি মোট ১ হাজার ২৩৫ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। তিনি ৩টি কেন্দ্রে পেয়েছেন ১ হাজার ১১৫ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়। এদিন সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে তরুণ ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা দেশে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।

নির্বাচন চলাকালীন সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার তথ্য জানিয়েছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোট এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে সব কেন্দ্রে ভোট গণনা চলছে এবং সাধারণ মানুষ চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন।

জেএইচআর