জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ দলীয় নেতা-কর্মী ও এজেন্টদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভোটের চূড়ান্ত ফলাফল হাতে না নিয়ে কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সবাইকে স্ব-স্ব কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরাসরি প্রচারকালে (লাইভ) তিনি এসব কথা বলেন। তিনি বিশেষ করে পোলিং এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দেন যেন কেউ কোনো ধরনের কারচুপি করার সুযোগ না পায়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হলে আপনারা কেন্দ্রে অবস্থান করুন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ফলাফলের কাগজ বুঝে নিয়ে তবেই কেন্দ্র ছাড়বেন। মানুষের ভোটাধিকার রক্ষা করতে এই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। হাসনাত আবদুল্লাহর এই নির্দেশনার পর ওই আসনের বিভিন্ন কেন্দ্রে তাঁর সমর্থকদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বর্তমানে সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনা চলছে এবং ফলাফলের অপেক্ষায় নেতা-কর্মীরা কেন্দ্রে অবস্থান করছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন