স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৩৭ এএম
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মির্জা ফখরুল ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে শিক্ষকতা পেশায় যোগ দেন। তিনি ঢাকা কলেজসহ বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৯ সালে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। মির্জা ফখরুল দীর্ঘ সময় দলটির কৃষকদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০১১ সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর তিনি দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা শেষে ২০২৬ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তিনি গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন।

জেএইচআর