গোলাম পরওয়ার

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৪২ পিএম
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যক্ষ রাজসাক্ষী হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে পরিকল্পিতভাবে জামায়াতকে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি এবং রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্যই সেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ।

শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনী দিন রাত ১১টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল, কিন্তু রহস্যজনকভাবে সম্প্রচার বন্ধ করে ফলাফল পাল্টে দেওয়া হয়। রিজওয়ানা হাসান নিজেই গণমাধ্যমে বলেছেন যে, তারা ‘উগ্রবাদী’দের মেইনস্ট্রিমে আসতে দেননি তার এই কথাই প্রমাণ করে যে পর্দার আড়ালে তারা আমাদের মেজরিটি পেতে দেননি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ১৭০টিরও বেশি আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তা ১০০-এর নিচে নামিয়ে আনা হয়েছে। তিনি অভিযোগ করেন, ফলাফলপত্রে টেম্পারিং করা হয়েছে এবং এজেন্টের কাছ থেকে সই নেওয়ার আগেই ফলাফল কাটছেঁড়া করা হয়েছে। 

এ সময় তিনি সাবেক এই উপদেষ্টার বক্তব্যের বিপরীতে জুডিশিয়াল বা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং এর নেপথ্যে আর কারা জড়িত ছিলেন তাদের নাম প্রকাশের আহ্বান জানান।

সমাবেশে গোলাম পরওয়ার সরকারকে সতর্ক করে বলেন, জামায়াত-শিবির মবের রাজনীতি করে না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিটি করপোরেশনে দলীয় লোক বসানো বা সংসদ অধিবেশনের আগে ব্যাপক রদবদলকে কর্তৃত্ববাদী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবেও তিনি মন্তব্য করেন। 

একইসঙ্গে তিনি সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে দ্রুত গণতন্ত্রের পথে হাঁটার পরামর্শ দেন।

জেএইচআর