সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাই সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী অধিবেশনে তাঁর ভাষণ দেওয়া অত্যন্ত স্বাভাবিক ও বিধিসম্মত।
শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এবারের সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এই সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
সংসদীয় কার্যক্রমের স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের ধারা ফিরে এসেছে, তাই জনগণের আস্থার প্রতিফলন ঘটানোই আমাদের মূল লক্ষ্য।
বিরোধী দল প্রসঙ্গে তিনি আরও বলেন, সংসদীয় বিধানে বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও সরকার উদারতা দেখিয়েছে। জামায়াতে ইসলামীর উচিত এই উদারতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা।
আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সংসদীয় রীতি-নীতি শেখাতেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন