বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে (২৯ মিন্টো রোড) এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে আসেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস, ভুটানের রাষ্ট্রদূত–হাইকমিশনার ও তাঁদের পরিবারের সদস্যরা। এ ছাড়া শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধিরা।
শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্কের গভীরতার কথা মনে করিয়ে দেন।
এর আগে নিজের সংসদীয় আসন ঢাকা–১৫–এর আওতাভুক্ত মিরপুরের ৬০ ফিট রাস্তাসংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন শফিকুর রহমান। সকাল আটটায় নামাজ আদায় শেষে তিনি সেখানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা। এই অনুষ্ঠানও তাঁর মিন্টো রোডের সরকারি বাসভবনে হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন