যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০২:৫৪ পিএম
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়েছিলেন, তার বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে।

বিবৃতিতে জামায়াত আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে দেশবাসী আর কোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখতে চায় না। নাগরিকরা এখন ভয়ভীতিহীনভাবে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়।

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিক গণভোটের মাধ্যমে এই সনদের পক্ষে মত দিলেও সরকার এটি বাস্তবায়নে টালবাহানা করছে, যা জনগণ মেনে নেবে না। তিনি অবিলম্বে এই সনদ কার্যকরের দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

স্বাধীনতা দিবসের এই বাণীতে তিনি ১৯৭১-এর বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি ২০২৪-এর জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এএন