সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়নে বিএনপির অনীহাই বর্তমান রাজনৈতিক সংকটের অন্যতম কারণ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষ অংশ নিয়ে যে মতামত দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা উচিত।
তিনি বলেন, বিএনপি যদি সত্যিই গণভোটের ফলাফল মেনে নিতে চায়, তাহলে তাদের উচিত সংবিধান সংস্কার পরিষদে যোগ দিয়ে শপথ গ্রহণ করা এবং বৈঠকে অংশ নেওয়া। এখনো সেই সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি বেশ কিছু বিষয়ে ভিন্নমত দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কিছু দিক, উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার।
তার দাবি, এসব বিষয়ে জনগণের রায় বিএনপির ভিন্নমতকে কার্যত প্রত্যাখ্যান করেছে। তাই জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিএনপির উচিত সংবিধান সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের দলীয়করণ, দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কমানোর লক্ষ্যেই সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একক ক্ষমতার পরিবর্তে সমন্বিত প্রক্রিয়া চালুর বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।
তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে বিভ্রান্ত না করে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের ফলাফল বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখা উচিত।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন