জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।
মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষে তিনি এসব কথা বলেন।
রোকেয়া বেগম বলেন, আন্দোলনের সময় আমার সন্তান জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীতে উত্তরার জসিমউদ্দিন এলাকায়।
তিনি বলেন, সেদিন আমরা লং মার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। পরিবারে সবাই আমার জা, দেবর, আত্মীয়স্বজন সবাই আন্দোলনে যুক্ত ছিল।
জামায়াতে ইসলামী তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন