ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ডাকসুর ভিপি সাদিক কায়েম তার সঙ্গে দেখা করতে গেলে এ মন্তব্য করেন তিনি।
এর আগে, সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ঘটনার পর তাদের উদ্ধার করে শাহবাগ থানার ওসি কক্ষে নেওয়া হয়। থানার মধ্যেও মারধরের চেষ্টা করেন বিক্ষুব্ধ কিছু লোক এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ একদল বিক্ষুব্ধ লোকও অবস্থান নেন।
প্রায় এক ঘণ্টার বেশি সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলার পর তাদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ইসলামী ছাত্রশিবির অভিযোগ করে বলেছে, হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।
এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েমও একটি পোস্ট দেন তা দ্রুত ভাইরাল হয়ে যায়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে যায়। এর জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ডাকসুর দুই শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন আহত হন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন