গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনে খেলাফত মজলিসের কর্মসূচি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩৯ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনে খেলাফত মজলিসের কর্মসূচি

গণভোটের রায় কার্যকর করা এবং দেশের বিদ্যমান সংকট নিরসনের দাবিতে তিন মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বিশাল সমাবেশ থেকে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী মে, জুন ও জুলাই মাসজুড়ে দেশের প্রতিটি জেলায় ‘নাগরিক সমাবেশ’ আয়োজন করা। এছাড়া আগামী ৫ আগস্ট আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় বিশাল গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। বক্তারা সমসাময়িক রাজনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ২০ দলীয় জোট ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেএইচআর