সারজিস আলম

সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৩৫ পিএম
সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা

বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর রাজনীতি করতে চাইলে যে কেউ এনসিপিতে আসতে পারেন বলে তিনি আহ্বান জানান।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অতীতে যে রাজনৈতিক দলই করুন না কেন, যদি ফ্যাসিবাদের সঙ্গে বা কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে এবং জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অবস্থান না থাকে, তবে তাদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত। তিনি নতুন প্রজন্মের নেতৃত্বকে পুরোনো সিন্ডিকেট ভেঙে বের হয়ে আসার আহ্বান জানান। আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে যারা চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলর পদে লড়তে চান, এনসিপি তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, চাঁদাবাজিকে আশ্রয়-প্রশ্রয় দিলে আগামীর বাংলাদেশে রাজনীতির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। তিনি দলটিকে জনগণের আকাঙ্ক্ষার পথ বেছে নেওয়ার পরামর্শ দেন। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক ধারা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জেএইচআর