ব্যারিস্টার ফুয়াদ

সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:৫৪ পিএম
সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। একই সঙ্গে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে  আয়োজিত ওই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা নিজেই ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতির কাছেও কোনো পদত্যাগপত্র জমা পড়েনি। এ প্রেক্ষিতে ফুয়াদ প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী দেশের বর্তমান সাংবিধানিক অবস্থান কী? দেশে কি তাহলে দুই প্রধানমন্ত্রী বা দুই ক্ষমতার কাঠামো বিদ্যমান?

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বৈধতা সংবিধান থেকে নয়, বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফল হিসেবে এসেছে। এ সময় ১৯৭২ সালের সংবিধানকে ঘিরে রাজনৈতিক অবস্থান নেওয়ার বিষয়ে বিভিন্ন দলের সমালোচনাও করেন তিনি।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ফুয়াদ বলেন, তাদের রাজনৈতিক অবস্থান ও আদর্শের সঙ্গে ৭২-এর সংবিধানের কোনো সামঞ্জস্য নেই। একই সঙ্গে পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রসঙ্গ টেনে তিনি এটিকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন।

সমাবেশে দেওয়া তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

এএন