সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী ছয় মাস পর সরকারের কী অবস্থা দাঁড়াবে, তা নিয়ে সংশয় রয়েছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চাইলেও বিএনপি সেই সুযোগ দিচ্ছে না। তার দাবি, মাত্র দুই মাসেই সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।
জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাস্তবে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও সরকার তা অস্বীকার করছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিও গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে প্রভাবিত করার চেষ্টা চলছে, তবে এতে প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে না।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে কোনো অস্থিতিশীলতা চান না তারা। তবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোটের ফল কার্যকর করার দাবি জানান। এ লক্ষ্যে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি বিভিন্ন পর্যায়ে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে এবং ঐকমত্য কমিশনেও গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন