রিজভী

দেশে ন্যূনতম মজুরি প্রতিষ্ঠা করা যায়নি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:০১ পিএম
দেশে ন্যূনতম মজুরি প্রতিষ্ঠা করা যায়নি

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো কার্যকরভাবে ন্যূনতম মজুরি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি।

শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি বলেন, সরকার শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা করছে।

বিশ্বের শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি উল্লেখ করেন, প্রায় ১৩০ বছর আগে জার্মান চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির ধারণা দেন। বিভিন্ন দেশে এটি চালু হলেও বাংলাদেশে এখনো জাতীয়ভাবে একটি মানসম্মত ন্যূনতম মজুরি কাঠামো গড়ে ওঠেনি। তার মতে, শ্রমিকদের শ্রম ও ঘামে সভ্যতার অগ্রগতি নির্ভর করে, তাই তাদের জন্য সম্মানজনক মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি।

তিনি আরও আশ্বস্ত করেন, শ্রমিকদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও আইনি জটিলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি জানান, বর্তমানে শ্রম আদালত ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০টি শ্রমিক-সম্পর্কিত মামলা ঝুলে আছে। এত বড় মামলার চাপ নিয়ে শ্রমিকদের পক্ষে কারখানায় কাজ করা কঠিন হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চান।

শিল্প খাত পুনরুদ্ধারের প্রসঙ্গে তিনি বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, একটি সঠিক জাতীয় নীতির মাধ্যমে এগুলো আবার সচল করা গেলে দেশে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, অতীতে বেগম খালেদা জিয়ার আমলে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ষড়যন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কুইক রেন্টালের মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠী সুবিধা পায়। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সম্পদ ব্যবহার করে এসব খাতকে আবার সচল করার পরিকল্পনা করছে।

এম জি