২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী ৫ মে (মঙ্গলবার) সারা দেশের সব শাখায় এই কর্মসূচি পালন করা হবে।
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে জানান, শাপলা চত্বরের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের প্রতিটি শাখায় ওই দিন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সংগঠনের সব ইউনিটকে যথাযথ মর্যাদায় এই কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। ওই দিন গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেই সময়ে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হলেও হেফাজতে ইসলাম দাবি করেছিল ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ৬১ জন এবং ‘হিউম্যান রাইটস ওয়াচ’ অন্তত ৫৮ জন নিহতের আশঙ্কা প্রকাশ করেছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শাপলা চত্বরের সেই ঘটনার তদন্ত পুনরায় শুরু হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন