কাকে বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেলো পাত্রীর পরিচয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:৪৮ পিএম
কাকে বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেলো পাত্রীর পরিচয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম বৈবাহিক জীবনে পদার্পণ করতে যাচ্ছেন। আগামী ১৩ মে তিনি চিকিৎসক আনিকা ফরায়েজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে একাধিক পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সাদিক কায়েমের হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তাঁর আদি নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

পারিবারিক সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠান সম্পন্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরবর্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের শেয়ার করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল ও আনন্দ লক্ষ্য করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও সহকর্মীরা নবদম্পতির আগাম শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

সাদিক কায়েম ছাত্ররাজনীতির বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁর এই ব্যক্তিগত জীবনের নতুন পথচলা নিয়ে ক্যাম্পাস জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জেএইচআর