ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ৪ কোটি টাকার বেশি ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণীতে বলা হয়, নির্বাচনে মোট ব্যয় দাঁড়িয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। গড়ে প্রতিজন প্রার্থী দলীয়ভাবে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণা, ইশতেহার মুদ্রণ ও ডিজাইন, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিভিন্ন প্রচার কার্যক্রমে এই ব্যয় ধরা হয়েছে।
এছাড়া খাতভিত্তিক ব্যয়ের মধ্যে প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ ব্যয় ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক কাজে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় দেখানো হয়েছে।
বিবরণীতে আরও উল্লেখ করা হয়, বিবিধ খাতে অতিরিক্ত ২ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। সব মিলিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে দলটির মোট ব্যয় ৪ কোটি ৪৯ লাখ টাকার ঘর ছাড়িয়েছে বলে দলীয় হিসাব থেকে জানা গেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন