সারজিস আলমকে নিশ্চিহ্ন হওয়ার হুঁশিয়ারি দিলেন নীলা ইসরাফিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:৫৬ পিএম
সারজিস আলমকে নিশ্চিহ্ন হওয়ার হুঁশিয়ারি দিলেন নীলা ইসরাফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

নীলা ইসরাফিল তার পোস্টে লেখেন, বর্তমানে তোরা বিরোধী দলে আছিস, কিন্তু মনে রাখিস, এ দেশের মানুষ তোদের বিরোধী দল হিসেবেও মেনে নেবে না। তোরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি।

রাজনীতিতে জনগণের রায়ই শেষ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন করাই এখন তাদের সবচেয়ে বড় পরীক্ষা।

তিনি তার পোস্টে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে লেখেন, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তোরা টিকে থাকবি কি না, সেটা নিয়ে চিন্তা কর। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।

সময়ের সংকেত স্পষ্ট এবং জনগণ সবকিছু বিচার করছে বলে তিনি মন্তব্য করেন।

সমন্বয়কদের লক্ষ্য করে নীলা ইসরাফিল আরও লেখেন, তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর অবস্থান সেই পতনকে ত্বরান্বিত করছে। ক্ষমতার দম্ভ ভুলে আত্মসমালোচনা ও জনগণের কাছে জবাব দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

নীলা ইসরাফিলের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

জেএইচআর