সমঝোতা ভাঙার দায় জামায়াতের ওপর চাপালেন চরমোনাই পীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৩১ পিএম
সমঝোতা ভাঙার দায় জামায়াতের ওপর চাপালেন চরমোনাই পীর

ইসলামপন্থী দলগুলোর মধ্যে নির্বাচনের আগে একটি বৃহৎ রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার যে আলোচনা চলছিল, তা শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর একক সিদ্ধান্তকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তার মতে, এককভাবে সিদ্ধান্ত নেওয়া ও সমন্বয়হীনতার কারণেই কাঙ্ক্ষিত ঐক্য গড়ে ওঠেনি।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামপন্থী দলগুলোর মধ্যে নির্বাচনি সমঝোতার বিষয়ে শুরু থেকেই আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে কিছু দল অন্যদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই এককভাবে সিদ্ধান্ত নেয়, যার ফলে কাঙ্ক্ষিত সমঝোতা আর টিকে থাকেনি। তিনি দাবি করেন, এতে নির্বাচনি আসন বণ্টনসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়।

তিনি আরও বলেন, ইসলামভিত্তিক রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, বরং দেশ, জনগণ ও ইসলামের কল্যাণ নিশ্চিত করা। তাই ব্যক্তিগত বা দলীয় সুবিধার জন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

মতবিনিময়ে তিনি আন্তর্জাতিক ইস্যু নিয়েও মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার সীমিত করার অভিযোগ তুলে তিনি এর সমালোচনা করেন এবং এ ধরনের পদক্ষেপকে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে উল্লেখ করেন। একইসঙ্গে মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

চরমোনাই পীর স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ব্যানারে নয়, বরং স্বতন্ত্রভাবে অংশ নেবে।

এছাড়া প্রশাসনিক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে তিনি যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং স্থানীয় নির্বাচন দ্রুত আয়োজনেরও দাবি জানান তিনি।

এএন