জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের নিন্দা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:১৮ পিএম
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের নিন্দা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ভোক্তাপর্যায়ে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, গত মাসেই জ্বালানির দাম এক দফায় ৮ থেকে ১২ শতাংশ বাড়ানোর পর এত দ্রুত আবারও দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, গত মাসের মূল্যবৃদ্ধির ধাক্কাতেই চাল, ডাল ও তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বর্তমান অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের এই কঠিন সময়ে মানুষের যখন নতুন কোনো আয়ের উৎস নেই, তখন আবারও তেলের দাম বাড়ানোকে জনগণের ওপর এক ধরনের নিষ্ঠুরতা হিসেবে দেখছে দলটি।

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, চলতি মাসে জ্বালানির দাম আর বাড়ানো হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। সেই জায়গা থেকে সরে এসে পুনরায় মূল্যবৃদ্ধি করা জনগণের সাথে স্পষ্ট ধোঁকাবাজি ও প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। বাজেট অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে সরকারের এমন তড়িঘড়ি সিদ্ধান্তকে চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ বলে আখ্যা দেন তিনি।

গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের অস্তিত্বকে সংকটের মুখে ফেলছে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকারের পক্ষে থাকবে জানিয়ে তিনি সাধারণ মানুষকে নিজেদের অস্তিত্ব রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন।

এএন