তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:২৮ এএম
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। 

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে হাকান ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এনসিপির নেতৃত্বকে অভিনন্দন জানান। জবাবে নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সহযোগিতা এবং মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে কার্যকর বিনিময় কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এনসিপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর এবং রাফে সালমান রিফাত।

এম জি