কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি মুসলিম উম্মাহর একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা ছিলেন। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে দেশটি শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
তিনি আরও বলেন, ২০১৩ সালে নিজের ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও মানবিক নেতাকে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দেশের জনগণের পক্ষ থেকে কাতারের রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় শোক কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক দানের প্রার্থনা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন