বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারা দেশে এক দিনের শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দলটি।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি এক দিনের শোক কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে সোমবার দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
তিনি বিএনপির নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রুহুল কবীর রিজভী বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্গত মানুষের সহায়তায় দলের প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন