শিক্ষামন্ত্রীকে হাসনাত

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৩৪ পিএম
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভা থেকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ বন্ধ করতে হবে এবং তাদের দাবি-দাওয়াকে অবমূল্যায়ন করা যাবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে নকলবিরোধী অবস্থানের কথা বলছেন। অথচ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটুসমান থেকে বুকসমান পানির মধ্যে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্রে ভুল থাকার পরও শিক্ষা মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেনি। বরং শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে আখ্যায়িত করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যের জবাবে তিনি বলেন, যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, তারাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তারাই আন্দোলন করেছে বলেই শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন এবং লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, বিদেশে লেখাপড়া করে। অথচ দেশের শিক্ষার্থীদের ওপর একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে যদি বলা হয় সংবিধানে এর উল্লেখ নেই, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও সংবিধানের নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।

বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পর্যাপ্তভাবে পৌঁছেনি। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ সোনারগাঁয়ের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া উচিত নয়।

গ্যাস সংযোগ, ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

এম জি