চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় প্রকাশের দাবি জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
জামায়াত আমির লিখেছেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।
তিনি আরও লেখেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন