দেশের আকাশে রোববার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, এদিন বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি।
ফলে আগামী ২৫ আগস্ট (সোমবার) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট (মঙ্গলবার) থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন