বৃষ্টির পানি আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। অথচ অনেক স্থানে এই পানি সংরক্ষণের পরিবর্তে সরাসরি সুয়ারেজ বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় চলে যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে আলেমরা জানিয়েছেন, বৃষ্টির পানির যথাযথ ব্যবহার অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এটি এমন কোনো বিষয় নয়, যার সমাধান কেবল শরয়ি বিধানের মাধ্যমে নির্ধারণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের মতামতই বেশি প্রাধান্য পাওয়া উচিত।
সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক একটি ইসলামী ফতোয়া সেন্টারে এ বিষয়ে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নকারী উল্লেখ করেন, ব্যক্তি ও সরকারি পর্যায়ে অনেক জায়গায় বৃষ্টির পানি সরাসরি সুয়ারেজ লাইনে প্রবাহিত করা হচ্ছে। অথচ দেশে পানির সংকট রয়েছে এবং অসংখ্য কৃষক বৃষ্টির পানি, নদী ও খালের পানির ওপর নির্ভরশীল। তার মতে, বৃষ্টির পানি নষ্ট না করে নদী-নালায় প্রবাহিত করা বা ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধিতে ব্যবহার করা হলে তা প্রাকৃতিক সম্পদের সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রের অর্থও সাশ্রয় করত। এ বিষয়ে ইসলামের অবস্থান জানতে চান তিনি।
জবাবে ফুকাহারা বলেন, এটি মূলত মানুষের পার্থিব জীবন ও জনকল্যাণের সঙ্গে সম্পর্কিত একটি কারিগরি বিষয়। তাই এ বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ, প্রকৌশলী ও অভিজ্ঞ ব্যক্তিদের। শরয়ি দৃষ্টিকোণ থেকে এটি এমন কোনো বিষয় নয়, যার সমাধান কেবল আলেমরা নির্ধারণ করবেন।
এ প্রসঙ্গে আম্মাজান আয়েশা (রা.) ও আনাস (রা.) বর্ণিত একটি হাদিসের উল্লেখ করা হয়। খেজুর গাছের কৃত্রিম পরাগায়ন নিয়ে সাহাবিদের এক প্রশ্নের জবাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছিলেন, ‘তোমাদের দুনিয়াবি বিষয় তোমরাই বেশি জানো।’ (সহিহ মুসলিম)। এ হাদিসের আলোকে আলেমরা বলেন, প্রযুক্তিগত ও বাস্তব জীবনের অনেক বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত অনুসরণ করাই ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গবেষকরা আরও বলেন, ইসলাম সবসময় মানুষের উপকারে আসে- এমন কাজকে উৎসাহিত করে। এ বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার উপকারে আসে, তা অর্জনের চেষ্টা করো, আল্লাহর সাহায্য চাও এবং অলসতা করো না।’
আলেমদের মতে, এই নীতিমালা ব্যক্তি ও রাষ্ট্র- উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বৃষ্টির পানির মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদকে কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায়, সে বিষয়ে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য দেশের সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ ইসলামের শিক্ষা অনুযায়ী, জ্ঞান ও প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ; যেখানেই তা পাওয়া যাবে, তা গ্রহণ করাই উত্তম।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন