ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন ডিজিটাল গাইড

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:২৮ পিএম
ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন ডিজিটাল গাইড

ওমরাহ পালনকারীদের সফর আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন একটি সমন্বিত ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল গাইড বা নির্দেশিকা চালু করেছে সৌদি আরব। পবিত্র নগরী মক্কা ও মদিনায় সেবাপ্রাপ্তি সহজ করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

‘কামিং টু ওমরাহ’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইডটি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের সাধারণ কর্তৃপক্ষ এবং মক্কা নগর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন। ওমরাহ পালনকারীরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে সব নিয়ম পালন করতে পারেন, সেটিই এই গাইডের মূল লক্ষ্য বলে কর্তৃপক্ষ জানায়।

ডিজিটাল এই নির্দেশিকায় মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিদ্যমান বিভিন্ন সেবা ও সুবিধার বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে। ইন্টারঅ্যাকটিভ মানচিত্র ও সরাসরি লিংকের মাধ্যমে মসজিদের প্রবেশপথ, গেট এবং গুরুত্বপূর্ণ সহায়তা কেন্দ্রগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে। এটি পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচলকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এই গাইডটি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরামর্শ প্রদান করবে। প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, দুই পবিত্র নগরীর যাতায়াত ব্যবস্থা এবং যাতায়াতের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ওমরাহ পালনকারীদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ রেফারেন্স হিসেবে কাজ করবে বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

এছাড়া নির্দেশিকাটিতে রিয়াজুল জান্নাহ বা আল-রওদাহ আল-শরিফা জিয়ারতের বিস্তারিত নিয়ম এবং নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পদ্ধতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মক্কা ও মদিনার ঐতিহাসিক নিদর্শনগুলোর তথ্যও এখানে পাওয়া যাবে, যা ওমরাহ পালনকারীদের ধর্মীয় অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

গাইডটির বিষয়বস্তু অত্যন্ত আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ ফরম্যাটে সাজানো হয়েছে। এতে প্রয়োজনীয় ভিজ্যুয়াল উপকরণ, সচেতনতামূলক বার্তা এবং বিভিন্ন সেবার সরাসরি লিংক যুক্ত করা হয়েছে। এছাড়া নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ইবাদত সম্পন্ন করার জন্য এতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সাংগঠনিক নির্দেশনাও রয়েছে বলে জানানো হয়েছে।

জেএইচআর