বাংলাদেশের বিশ্বজয়ী কারী হাফেজ আবু রায়হানের কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক। তার সামনে দাঁড়িয়ে সূরা কাউসার তিলাওয়াত করেন তরুণ এই হাফেজ, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার দুপুরে জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় বাংলাদেশের কারী হাফেজ আবু রায়হান তার সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন।
ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, বাংলাদেশের হাফেজ তার জন্য কোরআন তিলাওয়াত করছেন। এ সময় মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শোনেন ড. জাকির নায়েক। তিলাওয়াত শেষে তিনি হাফেজ আবু রায়হানের সঙ্গে মুসাফাহা করেন।
এর আগে ৪ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. জাকির নায়েকের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাফেজ আবু রায়হান লিখেছিলেন, ‘লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ড. জাকির নায়েক স্যারের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ’।
নিজের পোস্টে জাকির নায়েকের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেন তিনি। তিনি লিখেন, ‘স্যারকে এত কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না এত স্পেশাল মানুষটির জীবন যাপনের ধরন কতটা সাধারণ। মহান আল্লাহ স্যারকে মৃত্যু পর্যন্ত ইসলামের একজন প্রকৃত সেবক হিসেবে কবুল করে নিন। আমিন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন