সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:৪২ পিএম
সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে/ ফাইল ছবি

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় এসব যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ত্যাগ করেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের শনিবার (২ মে) ভোরের বুলেটিন অনুযায়ী, মোট ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন।

ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট ব্যবহৃত হয়েছে।

এ পর্যন্ত হজযাত্রীদের মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ২৮ এপ্রিলের পর নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

হজযাত্রীদের সৌদি গমন কার্যক্রম ৩১ মে পর্যন্ত চলবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এএন