হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:২৬ পিএম
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি 

চলতি বছর হজ পালন করতে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। একই সঙ্গে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

সর্বশেষ মঙ্গলবার ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এখন পর্যন্ত মারা যাওয়া ১৪ হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন এবং মদিনায় ৩ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং দেশে ফেরার শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

এম জি