রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, তারা মানুষ নয়-নরপিশাচ।’ একই সঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের ভয়াবহ অপরাধ কমাতে শরিয়া আইন কার্যকর ভূমিকা রাখতে পারে।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আলোচিত এই হত্যাকাণ্ডে ইতোমধ্যে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পোস্টের মন্তব্যঘরে আহমাদুল্লাহ আরও বলেন, সমাজে ইসলামি মূল্যবোধের সংকট, নৈতিক অবক্ষয়, বিকৃত মানসিকতা, অবাধ যৌনাচার এবং অপরাধের যথাযথ বিচার না হওয়ায় এ ধরনের পাশবিক ঘটনা বারবার ঘটছে।
তার মতে, এসব অপরাধ প্রতিরোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি কঠোর আইনের শাসন নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন