ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:২৬ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। যোগদানের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

বর্তমান মহাপরিচালক আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হচ্ছেন মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী। নিয়োগের শর্তে বলা হয়েছে, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য বিষয় আলাদা চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।

শিক্ষাজীবনে তিনি কওমি, আলিয়া ও সাধারণ-তিন ধারাতেই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা, লখনউতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দাওরায়ে হাদিস, কামিল ও স্নাতকোত্তর-সব ক্ষেত্রেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়া চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া ও দারুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন পাঠদান করেন।

ইমামতি ও খতিব হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশাপাশি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবেও পরিচিত ছিলেন।

সবশেষে তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মিশর ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এম জি