ফেসবুকে এবার ফ্রিতেই মিলবে ‘ভেরিফায়েড ব্যাজ’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:৪৪ পিএম
ফেসবুকে এবার ফ্রিতেই মিলবে ‘ভেরিফায়েড ব্যাজ’

ফেসবুকে ভুয়া প্রোফাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট এবং নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে একটি নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে।

মেটার নতুন এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীদের একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিও বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন আনুষ্ঠানিকভাবে নতুন ‘ফ্রি ভেরিফায়েড’ ব্যাজ চালুর ঘোষণা দেন। তিনি জানান, এই ব্যাজের মূল উদ্দেশ্য হলো কোনো প্রোফাইলের পেছনে প্রকৃত একজন ব্যক্তি রয়েছেন কি না, তা নিশ্চিত করা। এজন্য ব্যবহারকারীর দেওয়া সেলফি ভিডিও যাচাই করে পরিচয় নিশ্চিত করা হবে।

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে। যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর নতুন ব্যাজটি ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিংসহ প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে প্রদর্শিত হবে।

তবে মেটা স্পষ্ট করেছে, এই নতুন ব্যাজ আগের পরিচিত ভেরিফায়েড ব্যাজের মতো কোনো সেলিব্রিটি, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান বা কনটেন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি নির্দেশ করবে না। এটি কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হবে। একই সঙ্গে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প নয়; নতুন সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

মেটার ভাষ্য, বর্তমানে প্রতারকরা জেনারেটিভ এআই ব্যবহার করে বাস্তবসম্মত ছবি, ভুয়া পরিচয় এবং কাল্পনিক তথ্য দিয়ে অসংখ্য নকল অ্যাকাউন্ট তৈরি করছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণ বার্তা ছড়িয়ে প্রতারণা চালানো হচ্ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এসব জালিয়াতি কমানোর লক্ষ্যে চালু করা হচ্ছে।

এদিকে একই ঘোষণায় ফেসবুকে নতুন ইমারসিভ ভিডিও অভিজ্ঞতা চালুর কথাও জানিয়েছে মেটা। টিকটকের মতো ফুল-স্ক্রিন ভিডিও দেখার সুবিধা নিয়ে আসতে পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু করা হবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় নতুন অভিজ্ঞতা থেকে আগের ফিডভিত্তিক ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।

মেটার তথ্য অনুযায়ী, নতুন এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ কোনো পেজ বা প্রোমোটেড অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না। আগামী সোমবার থেকে ধাপে ধাপে সুবিধাটি চালু হবে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি বাজারে এটি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।

তথ্যসূত্র: এনগ্যাজেট।

এএন