বিশ্বকাপে অংশ নিতে ১০ শর্ত ইরানের

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:০৩ এএম
বিশ্বকাপে অংশ নিতে ১০ শর্ত ইরানের

সম্প্রতি ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে ঢুকতে বাধা দেয় কানাডা। এ ঘটনার পর আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে তারা ফিফার কাছে ১০টি শর্ত উপস্থাপন করেছেন।

শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের প্রতি সবার সদাচরণ নিশ্চিত করা। পাশাপাশি টুর্নামেন্ট চলাকালে ইরানি নাগরিকদের ভিসা প্রদান, দলের স্টাফদের যথাযথ সহায়তা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন, এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।

ইরান জানিয়েছে, এই শর্তগুলো পূরণ করা হলে তারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-এই তিন আয়োজক দেশের যেকোনো ভেন্যুতেই খেলতে প্রস্তুত।

ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তারা ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে, তবে নিজেদের সংস্কৃতি, বিশ্বাস ও অবস্থান থেকে একটুও সরে আসবে না। একই সঙ্গে আয়োজকদের উদ্বেগের বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মেহদী তাজ আরও বলেন, জাতীয় দলের সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি-তাদের সবার জন্য নির্বিঘ্নে ভিসা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ইরান রয়েছে ‘জি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়াম।