চেলসির সাবেক গোলমেশিন ববি ট্যাম্বলিং আর নেই

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:২৩ এএম
চেলসির সাবেক গোলমেশিন ববি ট্যাম্বলিং আর নেই

চেলসির কিংবদন্তি ফুটবলার ও একসময়ের সর্বোচ্চ গোলদাতা ববি ট্যাম্বলিং ৮৪ বছর বয়সে মারা গেছেন।

১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে ২০২ গোল করেছিলেন তিনি। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তার দখলে ছিল। পরে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েন।

ট্যাম্বলিংয়ের আরেকটি কীর্তি এখনও অক্ষুণ্ন রয়েছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি চেলসির হয়ে এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড গড়েন।

মাত্র ১৭ বছর বয়সে চেলসির মূল দলে অভিষেক হয় তার। পরে তিনি ক্রিস্টাল প্যালেসসহ আরও কয়েকটি দলে খেলেন এবং ক্যারিয়ারের শেষভাগে আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জীবনের শেষ সময়ে তিনি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে চেলসি পরিবারের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

এম জি