আর্জেন্টিনা স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৪:৪৫ পিএম
আর্জেন্টিনা স্কোয়াডে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ স্কালোনি

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে প্রথম ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ ও জিউলিয়ানো সিমিওনে। তবে জয়ের চেয়ে এখন দলের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট সমস্যা।

এই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। যদিও তার চোট নিয়ে খুব বড় শঙ্কা নেই, তবে একাধিক খেলোয়াড়ের শারীরিক সমস্যা আর্জেন্টিনা শিবিরকে চিন্তায় ফেলেছে।

এরই মধ্যে অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন সেন্ট্রাল ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার বিকল্প দ্রুত নেওয়া হবে কি না, তা নিয়েও এখনো নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানান, চোটের পরিস্থিতি বিবেচনায় স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, খেলোয়াড়দের শারীরিক অবস্থা পুরোপুরি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ জন্য তারা আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবেন।

স্কালোনি আরও জানান, এখনই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চান না তারা, কারণ এতে ভুল হওয়ার ঝুঁকি থাকে। দলের প্রয়োজন অনুযায়ীই চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে।

অন্যদিকে আর্জেন্টিনা শিবির থেকে জানানো হয়েছে, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন এবং তাদের দলে থাকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও নিকো গঞ্জালেসের মতো কয়েকজন খেলোয়াড়ের চোট এখনো উদ্বেগের কারণ।

আগামী ১৬ জুন প্রথম ম্যাচের ঠিক আগ পর্যন্ত স্কোয়াড চূড়ান্ত করার সময় রয়েছে আর্জেন্টিনার। মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

সূত্র: মার্কা

এম জি