বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর ডিএলএস পদ্ধতিতে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সামনে। সিরিজ জিততে ৪১ ওভারে টাইগারদের করতে হবে ১৯২ রান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। এরপর টানা প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে।
পরে মাঠ পরিদর্শন শেষে জানানো হয়, অস্ট্রেলিয়ার ইনিংস শেষ এবং বাংলাদেশ সর্বোচ্চ ৪১ ওভার ব্যাট করতে পারবে। সেই অনুযায়ী ডিএলএস পদ্ধতিতে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদের বোল্ডে সাজঘরে ফেরেন ম্যাট শর্ট। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের পরপর দুই বলে কুপার কনোলি ও ম্যাট রেনশ শূন্য রানে আউট হন।
মাত্র দুই ওভারেই কোনো রান না তুলেই ৩ উইকেট হারায় সফরকারীরা, যা তাদের ওয়ানডে ইতিহাসে বিরল ঘটনা। পরে অ্যালেক্স কেয়ারির উইকেট হারিয়ে ২৫ রানে ৪ উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়া।
সেখান থেকে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন ৪৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দুজনকেই তুলে নেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ইংলিস করেন ৩৪ রান এবং গ্রিন ২৫ রান।
পরে মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। বার্টলেট ৪৮ বলে ৫২ রান করে তাসকিনের দ্বিতীয় স্পেলে আউট হন, আর জ্যাম্পাকে একই ওভারে ফেরান তাসকিন।
শেষদিকে আর কোনো উইকেট না হারিয়ে ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশেন। নির্ধারিত সময়ের পর বৃষ্টি নামলে সেখানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ৩টি করে এবং তানভির ইসলাম ২টি উইকেট নেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন