বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় স্বস্তির খবর পেয়েছে স্পেনের সমর্থকরা। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন দলের আক্রমণভাগের দুই তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।
ইনজুরি থেকে সেরে উঠে এই দুই উইঙ্গার এখন দলের অনুশীলনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিচ্ছেন। এতে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদের দেখা যেতে পারে মাঠে।
এবারের বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় শক্তি তাদের আক্রমণভাগ। তবে ম্যাচের আগে ইয়ামাল ও নিকোর হ্যামস্ট্রিং ইনজুরি কোচিং স্টাফদের দুশ্চিন্তায় ফেলেছিল। এখন সেই উদ্বেগ কিছুটা কমেছে।
তবে অনুশীলনে ফিরলেও দুজনকেই নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ইয়ামাল ও নিকোকে। মূল একাদশে রাখার আগে তাদের শারীরিক অবস্থা আবারও মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন এবারও বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন