তুর্কি ফুটবলাররা একের পর এক আক্রমণ সাজিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও গোলের খেলায় শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই লড়াইয়ে মাঠের আধিপত্যে তুরস্ক অনেক এগিয়ে থাকলেও সুযোগের চমৎকার ব্যবহারে ২-০ গোলের জয় তুলে নিয়েছে সকারুসরা। দলের হয়ে জাল খুঁজে নেন নেস্টোরি ইরানকুন্ডা ও কনর মেটকাল্ফ।
খেলার শুরু থেকেই তুর্কি শিবির অল-আউট ফুটবল খেলতে শুরু করে। মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে পুরো ম্যাচে তারা প্রায় ৭২ শতাংশ সময় বল পায়ে রাখে। অস্ট্রেলিয়ার সীমানায় একের পর এক আক্রমণ চালিয়ে গোলমুখে ৩০টি শট নিলেও তুর্কি স্ট্রাইকাররা সকারুস রক্ষণব্যূহ ও গোলরক্ষকের দেয়াল ভাঙতে পারেননি।
ম্যাচের ধারার বিপরীতে ২৭তম মিনিটে প্রথম ঝটকা দেয় অস্ট্রেলিয়া। কাউন্টার অ্যাটাক থেকে বিদ্যুৎগতির এক দৌড়ে বল নিয়ে দলকে এগিয়ে দেন ইরানকুন্ডা। পিছিয়ে পড়ে তুরস্ক গোল শোধে মরিয়া হয়ে উঠলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও একই চিত্রে খেলা চললেও ৭৫তম মিনিটে তুরস্কের ডিফেন্ডারদের একটি ভুলের সুযোগ লুফে নেন মেটকাল্ফ। মাঝমাঠের কিছুটা সামনে বল পেয়ে আকস্মিক এক দূরপাল্লার শটে গোল করে স্টেডিয়ামের দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি।
দুই গোলের নিরাপদ ব্যবধান পাওয়ার পর ম্যাচের বাকি সময়টা রক্ষণাত্মক কৌশল নিয়ে পার করে দেয় অস্ট্রেলিয়া। এই জয়ে টুর্নামেন্টের গ্রুপ ‘ডি’-তে নিজেদের টিকিট আরও শক্ত করল সকারুসরা, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাঠজুড়ে দাপট দেখিয়েও শূন্য হাতে মাঠ ছাড়ার আক্ষেপে পুড়তে হচ্ছে তুরস্ককে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন