তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দেয়। তবে কুপার কনলির ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জয় তুলে নেয় সফরকারীরা।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রান করে স্বাগতিকরা।
জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শেষদিকে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেভিয়ার বার্টলেট।
বাংলাদেশের বোলিং শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। শরীফুল ইসলামের বোলিংয়ে জস ইংলিস আউট হন। এরপর মুস্তাফিজুর রহমানের বলে মিচেল মার্শ ১৪ বলে ১৩ রান করে বিদায় নেন।
অস্ট্রেলিয়ার ইনিংসে মূল ভরসা ছিলেন কুপার কনলি। টিম ডেভিডকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে ফিরলেও দলের জয় নিশ্চিত করে রেখে যান তিনি। ডেভিড করেন ১৬ বলে ২০ রান।
শেষদিকে ম্যাট রেনশ ও নিখিল চৌধুরীর ব্যাটে আর কোনো বড় বিপদ না আসায় জয় পায় অস্ট্রেলিয়া। রেনশ ২৮ বলে ১৮ এবং নিখিল ১৩ বলে ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও রিশাদ একটি করে উইকেট নেন। আব্দুল গাফফার নেন দুটি উইকেট।
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদী হাসান। সাইফ হাসান করেন ২০ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পা নেন ৩টি করে উইকেট।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন