বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে কঙ্গোর ঐতিহাসিক প্রথম গোল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১২:১০ এএম
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে কঙ্গোর ঐতিহাসিক প্রথম গোল

ম্যাচের শুরুতেই জোয়াও কানসেলোর একটি বিপজ্জনক ক্রসে বল ভেসে আসে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায়। সেখানে পর্তুগালের সর্বকনিষ্ঠ ফুটবলার নেভেস চমৎকার লাফিয়ে এক হেডের সাহায্যে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়ে শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল।

তবে শুরুর এই ধাক্কা সামলে ঠিক পাঁচ মিনিট পরেই প্রথম পাল্টা আক্রমণে যায় কঙ্গো। দলটির ফরোয়ার্ড উইসা জায়গা তৈরি করে পর্তুগালের গোলপোস্ট লক্ষ্যে শট নেন। তবে বলটি অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর ঠিক দুই মিনিট পর আরও একটি সুযোগ তৈরি করে কঙ্গো। বক্সের প্রান্ত থেকে বাকাম্বুর নেওয়া একটি জোরালো শট আরাউজো ব্লক করে প্রতিহত করেন।

টানা এই দুটি আক্রমণেই যেন ম্যাচে বড় কোনো চমক দেখানোর আত্মবিশ্বাস পেয়ে যায় কঙ্গো। যার সফল সমাপ্তি ঘটে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে। হাফটাইমের একদম শেষ শটে ম্যাচে সমতা ফেরায় তারা। এর মাধ্যমে নিজেদের ৫২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পেয়ে ইতিহাস গড়ল কঙ্গো। মাসুয়াকুর নিখুঁত একটি ক্রস থেকে উইসা দারুণ হেডে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করেন।

অন্যদিকে পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমার্ধে ছিলেন একেবারেই বিবর্ণ। পুরো ৪৫ মিনিটে তিনি মাত্র ১৭ বার বলে পা ছোঁয়াতে পেরেছেন, যা পর্তুগাল দলের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে সর্বনিম্ন।

জেএইচআর