সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:২২ পিএম
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিক দল।

সিরিজে সমতায় ফেরার লক্ষে আজ চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, যেখানে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

মিরপুরে শেষ ওয়ানডে ম্যাচে পাওয়া চোটের কারণে চলমান এই টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস, যার জায়গায় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়।

সিরিজ বাঁচানোর এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম।

বাদ পড়া এই দুই ক্রিকেটারের জায়গায় আজকের মূল একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও গতিময় তরুণ পেসার নাহিদ রানা।

এর আগে ২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও এবার শুধু একটি জয় নয়, সদ্য সমাপ্ত পুরো ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা।

টানা দুই ম্যাচ জিতে আগেভাগেই সেই ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ, যদিও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এসে সেই ছন্দ ধরে রাখতে পারছে না বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা, যার ফলে স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হাতে রেখেই খুব সহজে প্রথম ম্যাচের জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশো, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

এএন